
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে জ্বালানি সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সংকট এবং মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই ভবিষ্যতে সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি সংগ্রহের জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন। এতে বিভিন্ন স্থানে দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয় এবং সাময়িক জনভোগান্তিরও সৃষ্টি হয়।
উপজেলার তারাগুনিয়ার সাগর ফিলিং স্টেশন, আল্লাহর দরগা বাজারের রফিক ফিলিং স্টেশন, খলিশাকুন্ডি বাজারের খালেক ফিলিং স্টেশনসহ দৌলতপুর বাজারের বিভিন্ন জ্বালানি বিক্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপু থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। ভিত্তিহীন গুজব ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় হঠাৎ করেই অতিরিক্ত চাপের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, “ডিপুতে জ্বালানির কোনো সংকট নেই। ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত সরবরাহ চলছে। আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও জানান, গুজবের উৎস শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজবে বিশ্বাস না করতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত থেকে বিরত থাকতে। প্রশাসনের মতে, ভিত্তিহীন গুজব ও আতঙ্কই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করে।
মন্তব্য করুন