
নওগাঁ জেলার সমতা এনজিওর গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।
শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান শাহিনের বিরুদ্ধে মোট ৮টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ২টি জিআর, ৪টি সিআর এবং সাজাসহ ২টি সিআর ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর তাকে নওগাঁর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
নওগাঁ জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন