১৯৭২ সালের সংবিধানের কুশদাহ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিট থেকে সন্ধা ৬টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে ‘পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক)’ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ‘৭২-এর সংবিধান’ ঘিরে তাদের অবস্থান তুলে ধরতে এবং এর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে কুশদাহ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের নাগরিক ও যুব আন্দোলন সংগঠক শামীম আহমেদ, মিডিয়া সেলের প্রধান মুনতাকিন মুন এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল রাতুল মোহাম্মদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তাদের এই কর্মসূচি একটি প্রতীকী প্রতিবাদ, যার মাধ্যমে তারা বিদ্যমান সাংবিধানিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তারা দাবি করেন, রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এবং সে লক্ষ্যে জনমত তৈরি করাই তাদের উদ্দেশ্য।
সমাবেশ শেষে ‘৭২-এর সংবিধান’-এর কুশদাহ করা হয়েছে।

সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ঘোষিত কর্মসূচিকে ঘিরে জনমনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন