
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক এবং বিচক্ষণ পদক্ষেপে বড় ধরনেরো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। দায়িত্বশীল ও সময়োপযোগী ভূমিকার জন্য স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকেরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ব্রিজপাড় এলাকায় মেসার্স আফি সার ঘরের সার ও স্লিপ বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা ভূরুঙ্গামারী–সোনাহাট স্থলবন্দর সড়কে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পাওয়া মাত্রই ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষুব্ধ কৃষকদের শান্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনবদ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি কৃষকদের কথা শোনেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়ম মেনে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত কৃষকদের মাঝে সার বিতরণ নিশ্চিত করার জোরালো ও সুনির্দিষ্ট আশ্বাস দেন।
প্রশাসনের এই দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপের ফলে নিমিষেই কৃষকদের ক্ষোভ প্রশমিত হয় এবং তারা স্বউদ্যোগে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। সংকটময় মুহূর্তে প্রশাসনের এমন তাৎক্ষণিক উপস্থিতি, ধৈর্যশীল আচরণ ও জনবান্ধব ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতে যেকোনো অসন্তোষ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন