ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মাঝে জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধির পাশাপাশি হামের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ২৫ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে।
বুধবার দুপুরে দেখা যায়, ওয়ার্ডটিতে ৭০ জন শিশু ভর্তি রয়েছে, যার মধ্যে ৮ জনকে হামের রোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ এড়াতে সন্দেহভাজন হাম আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
গত কয়েক দিনে হাসপাতালে রোগীর চাপ অস্বাভাবিক বেড়েছে। তথ্যমতে, গত শনি ও রবিবার এই সংখ্যা ছিল যথাক্রমে ৮৭ ও ৮৩ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামের খবর ছড়িয়ে পড়ায় হাসপাতালের টিকাদান কেন্দ্রেও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ শিশুকে বিভিন্ন টিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে হামের টিকার চাহিদাই এখন সবচেয়ে বেশি।
তবে সিভিল সার্জন ডা. নোমান মিয়া আশ্বস্ত করেছেন যে, জেলায় টিকার কোনো সংকট নেই এবং স্বাস্থ্য বিভাগ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন