
বাড়ির উঠানে পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের আড়ালে বেড়ে উঠছিল একটি সুবিশাল গাঁজার গাছ। দিনমজুর পরিচয়ের আড়ালে কবরস্থানেই গাঁজা চাষ করে আসছিলেন মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি।
রোববার (২ আগস্ট) রাতে বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ অভিযুক্ত দিনমজুরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিএনসি। এ সময় সিরাজুলের পারিবারিক কবরস্থানের ভেতর একটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করে তা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সিরাজুল দাবি করেন, স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে প্রায় দুই বছর আগে চারা সংগ্রহ করে গোপনে কবরস্থানে তা রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান বলেন, বিশাল আকৃতির গাঁজার গাছসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, রোববার রাতেই উদ্ধার করা গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামতসহ আসামিকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন