
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট হাটখোলা গ্রামে জনসাধারণের একমাত্র খাবার পানির পুকুরটি অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রবিবার সকালে ধুমঘাট হাটখোলা এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধুমঘাট হাটখোলা এলাকার বাসিন্দা আব্দুল হোসেন, জগদীশ মন্ডল, আব্দুল আলীমসহ আরও অনেকে। বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে জানান, তাদের এলাকায় এটিই একমাত্র খাবার পানির পুকুর, যার পানির ওপর নির্ভর করে স্থানীয় প্রায় চার থেকে পাঁচশত পরিবার জীবন ধারণ করে আসছে। কিন্তু গত আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে পুকুরের উত্তর পাশে বসবাসকারী মৃত শমসের গাইনের ছেলে মোঃ আব্দুল গফুর পুকুরটি জোরপূর্বক নিজের দখলে নিয়ে নেন।
স্থানীয়দের অভিযোগ, পুকুরটি দখলে নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের পানি সংগ্রহে চরম বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি পুকুরের পাড়ে গবাদিপশু চড়াতে বা ঘাস খাওয়াতেও নিষেধ করছেন অভিযুক্ত আব্দুল গফুর। এলাকাবাসীর গরু-ছাগল যেন পুকুর পাড়ের ঘাস খেতে না পারে, সেজন্য তিনি সেখানে বিষাক্ত স্প্রে করে ঘাস মেরে ফেলেছেন বলেও বক্তারা অভিযোগ করেন। এ ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার এলাকার সাধারণ মানুষ পুকুরের চারপাশের অবৈধ ঘেরা ও বেড়া উপড়ে ফেলে দেয়।
বক্তারা আরও জানান, পুকুর দখলের বিষয়ে জানতে চাইলে আব্দুল গফুর দাবি করেন তিনি সরকারের কাছ থেকে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) নিয়েছেন। তবে আজ পর্যন্ত তিনি স্থানীয় কাউকেই সেই ডিসিআর-এর কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এমতাবস্থায় ৪-৫ শত পরিবারের সুপেয় পানির সংকট নিরসনে এবং জনস্বার্থে পুকুরটি অবিলম্বে দখলমুক্ত করার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা যাতে পূর্বের মতো শান্তিপূর্ণভাবে এই পুকুরের পানি ব্যবহার করে জীবন ধারণ করতে পারেন, সেজন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
মন্তব্য করুন