
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তির পুনরায় ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেছেন, জনগণের অভ্যুত্থানে যারা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছে, তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবে দুঃস্বপ্নে পরিণত হবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির সহিংসতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে আবুল হাসান রুবেল বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু ক্ষমতাচ্যুত শক্তি জনগণের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারা আবারও সহিংসতা ও প্রতিশোধের রাজনীতির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, বাসে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সাধারণ মানুষের প্রাণহানির মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে অতীতের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় প্রতিরোধ ও গণপাহারা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। এর আগেও দীর্ঘ শাসনামলে ভিন্নমত প্রকাশের কারণে মানুষ গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা কেবল একটি সরকারের পরিবর্তন নয়; বরং রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার। গণতান্ত্রিক পুনর্গঠনের চলমান আন্দোলন এগিয়ে নিতে ২০২৪ সালের মতো রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া বলেন, অতীতের নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার যথাযথভাবে প্রতিফলিত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ সেই অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা তৈরি করেছে। কোনো ধরনের ভয়ভীতি, অগ্নিসংযোগ কিংবা সহিংসতা দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার দমিয়ে রাখা যাবে না।
তিনি আরও বলেন, দেশে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির অবসান ঘটাতে নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সুজন বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যেই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ থাকা উচিত নয়।
সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম ও আমজাদ হোসেন।
দলের দফতর সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক কুমার রায়, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন