
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে ব্যক্তিগত অর্থায়নে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাকিল সরদার।
সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে মুক্তমঞ্চের দেয়াল থেকে পুরোনো পোস্টার, আঠার অবশিষ্টাংশ ও ময়লা পরিষ্কার করা হয়। পরে দেয়ালে নতুন করে রং করার কাজও করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র সেলিম আল দীন মুক্তমঞ্চে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও সংগীতানুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। দীর্ঘদিন ধরে দেয়ালে পোস্টার ও আঠার অবশিষ্টাংশ থাকায় স্থানটির সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে মুক্তমঞ্চের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজটি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
শাকিল সরদার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। এর আগে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বাসে লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং ক্যাফেটেরিয়ায় চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
শাকিল সরদার বলেন, ‘সেলিম আল দীন মুক্তমঞ্চ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি স্থান। দীর্ঘদিনের পোস্টার ও ময়লার কারণে স্থানটির সৌন্দর্য নষ্ট হচ্ছিল। তাই নিজের সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্নতা ও রং করার উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে পোস্টার লাগানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এসব স্থানের সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখা সম্ভব।’
মুক্তমঞ্চের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন