
কুষ্টিয়ার দৌলতপুরে আফিয়া নামে আড়াই বছরের এক শিশুকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিশুটির আপন ছোট চাচি কল্পনা আক্তারকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। নিহত আফিয়া ওই গ্রামের শাহিন সরদারের একমাত্র কন্যাসন্তান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেহগনি বাগানে শিশু আফিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় একটি গাছে ঝুলতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই শিশুটির বাবা শাহিন সরদার অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা আক্তার এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। পরবর্তীতে গ্রামবাসীর জিজ্ঞাসাবাদের মুখে কল্পনা আক্তার ওড়না পেঁচিয়ে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কল্পনা আক্তারকে হেফাজতে নেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় আমরা কল্পনা আক্তার নামে একজনকে আটক করেছি। এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।”
তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কল্পনা আক্তার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন