
নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ সময় তাঁর বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সাদিক কায়েম এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম তাঁর পোস্টে এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেছেন। তাঁর দাবি, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে আবারও প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে তারা।
তিনি আরও বলেন, পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড তাঁদের দমাতে পারবে না, বরং তাঁদের লড়াই আরও দৃঢ় করবে।
পোস্টের শেষাংশে আওয়ামী রাজনীতির পুনর্বাসন ঠেকানোর প্রত্যয় ব্যক্ত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য বা ঘটনার স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন