
ক্যাম্পাসভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখা।
জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
এ ছাড়া জেলা শাখার বিভিন্ন সেক্রেটারিয়েট সদস্য, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রতিনিধি এবং আবাসিক থানার দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম শক্তিশালী করা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দায়িত্বশীলদের নৈতিক মানোন্নয়ন, আদর্শিক দৃঢ়তা বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে জেলার বিভিন্ন ইউনিটের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলরা প্রত্যয় ব্যক্ত করেন। পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
মন্তব্য করুন