
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তাঁর ভাই মাহের আল-আসাদ এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গৃহযুদ্ধ চলাকালে হত্যা, নির্যাতন, বেআইনি আটক ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার দামেস্কের একটি আদালতে বাশার আল-আসাদ ও মাহের আল-আসাদের অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। বর্তমানে তারা দুজনই রাশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।
আদালতের রায়ে বাশার আল-আসাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, নির্যাতনসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। একই ধরনের অপরাধে তাঁর ভাই মাহের আল-আসাদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, আতেফ নাজিবকে মানবতাবিরোধী অপরাধের দায়ে একই সাজা দেওয়া হয়েছে। তিনি একসময় দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে দেরা থেকে সরকারবিরোধী আন্দোলনের সূচনা হলে সেটি দমনে কঠোর ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত বছরের জানুয়ারিতে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ তাঁকে আটক করে।
আদালতের নথি অনুযায়ী, নাজিবের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ১৫ বছরের কম বয়সী শিশুদের পরিকল্পিতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো গুরুতর অভিযোগ রয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে কারাগারের পোশাক পরে উপস্থিত ছিলেন।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ব্যাপক দমন-পীড়নের মধ্য দিয়ে দেশটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় ২৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর বিরোধী বাহিনীর তীব্র আক্রমণের মুখে ২০২৪ সালের ডিসেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়ে রাশিয়ায় চলে যান বাশার আল-আসাদ। এর পরই তাঁর সরকারের পতন ঘটে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন