
ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক এমডি ওমর ফারুকের পুনর্বহাল এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাসহ পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিতে সাতক্ষীরায় টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরার যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক নজরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ সারির এই ব্যাংকটিকে একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ব্যাংকটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বর্তমান চেয়ারম্যানের বিতর্কিত নিয়োগ বাতিল করতে হবে। একই সঙ্গে ব্যাংকের সুদক্ষ ও সাবেক এমডি ওমর ফারুককে সসম্মানে তাঁর পদে পুনর্বহাল করার জোর দাবি জানান বক্তারা।
আন্দোলনকারীরা আরও বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। অবিলম্বে তাঁকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে এবং পাচারকৃত সমস্ত অর্থ উদ্ধার করে ব্যাংকের তহবিলে ফিরিয়ে আনতে হবে। গ্রাহকদের এই ন্যায়সংগত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুস্তম আলী তৈহিদি, মনা, আব্দুল গফুর, প্রভাষক আব্দুল কাদের ও বদিউজ্জামানসহ ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকবৃন্দ।
মন্তব্য করুন