
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা মো. শহিদুল ইসলাম। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানবিক এ আয়োজনে ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদানকালে মো. শহিদুল ইসলাম বলেন, “৫ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। অতীতেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও আজীবন তাদের পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার কাছে আপন। আমি চাই, সবাই মিলেমিশে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করুক। মানুষের ভালোবাসা নিয়ে তাদের সেবা করে যাওয়াই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো পদ-পদবির প্রয়োজন হয় না, প্রয়োজন আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসা। এলাকার প্রতিটি মানুষের কথা শুনতে চাই ও তাদের যেকোনো সমস্যায় সবার আগে পাশে দাঁড়াতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে এই ওয়ার্ডকে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মো. শহিদুল ইসলাম শেরপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তিনি এর আগে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন