
নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও মোবাইল মিনিট কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত ১১:৩০টা থেকে ৩ জুন ভোর ৩:০০টার মধ্যে যেকোনো সময় নওগাঁ সদর উপজেলার চকরাম কানু এলাকার বাসিন্দা মোঃ শাহাদত হোসেন ওরফে বেতার (৫০)-এর বসতঘর সংলগ্ন মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোর দোকানের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকা মূল্যের গ্রামীণফোনের ৩০ টাকা মূল্যমানের মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ পাওয়ার পর ৩ জুন রাতে পুলিশের একটি দল স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চোরকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শামীম (২৯), পিতা- মোঃ তাছির উদ্দিন প্রামাণিক, সাং- চকরাম কানু, থানা ও জেলা- নওগাঁ।
অভিযানকালে তার কাছ থেকে চুরি হওয়া নগদ ১,৪৮৫ টাকা এবং ৫০০ টাকা মূল্যের মিনিট কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ে চোরকে গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে নওগাঁ সদর থানা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
মন্তব্য করুন