
বিদেশি কোম্পানির কাছে দেশের বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ২২/১, তোপখানা রোড, সেগুনবাগিচায় গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে “বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে” আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মহাসচিব আমানতউল্লাহ আমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম, পিডিপির পলিটব্যুরো সদস্য মো. শাহজালাল মোল্লা পলাশ, যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, দপ্তর সম্পাদক জুয়েল আকন, সাম্যবাদী দলের নেতা আজাদ হোসেন হৃদয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে তাদের প্রত্যাশা হলো—বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেশের বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক, দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া।
তারা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় দেশীয় সক্ষমতা বাড়ানো হলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তোলার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন