
বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শতবর্ষী লোকজ ঐতিহ্য ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে বসে এ খেলার একটি প্রাণবন্ত আসর।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার শুরু হওয়া কেল্লা পোশী মেলার আগমনী বার্তা ছড়িয়ে দিতে পাঁচ দিন আগে থেকেই শুরু হয় এই মাদার খেলা। কালু গাজীর মাজারকে কেন্দ্র করে আয়োজিত মেলার অন্যতম আকর্ষণ ‘মাদারের বাঁশ’। খেলায় অংশ নেওয়া একদল শিল্পী ও খেলোয়াড় সুসজ্জিত বাঁশ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে খেলা প্রদর্শনের পাশাপাশি গান পরিবেশন করেন।
খেলায় অংশগ্রহণকারী মোজাম্মেল হক জানান, লোকবিশ্বাস অনুযায়ী পৃথিবী সৃষ্টির সূচনালগ্নে এক ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হলে সৃষ্টিকর্তার নির্দেশে আকাশ থেকে ‘মাদারের বাঁশ’ নেমে আসে। পরে সেই বাঁশের মাধ্যমেই পরিবেশ শান্ত ও স্বাভাবিক হয়। সেই বিশ্বাস থেকেই জগতের মঙ্গল কামনায় বংশপরম্পরায় তারা এই ঐতিহ্য ধরে রেখেছেন।
তিনি আরও বলেন, মাদার খেলা চলাকালে অনেক ভক্ত ও সাধারণ মানুষ রোগমুক্তি, পারিবারিক সুখ-শান্তি ও কল্যাণ কামনায় বিভিন্ন মানত করে থাকেন।
এদিকে পালাশন গ্রামের এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেল্লা পোশী মেলার প্রাচীন এই লোকজ রীতিটি আজও শেরপুর অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে রয়েছে।
মন্তব্য করুন