
ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে কুড়িগ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখা। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এসব কর্মসূচি পালন করেন দল দুটির নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তিনি ওই ঘটনায় নিহত জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ অন্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সেক্রেটারি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাই।
কুড়িগ্রাম শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম মিছিল ও সমাবেশের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে ছাত্রসমাজকে ২৮ অক্টোবরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালক ও সাবেক ছাত্রশিবির নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও কুড়িগ্রাম পৌর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের সহকারী সেক্রেটারি আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল তাঁর বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁরা পিছু হটবেন না। প্রয়োজনে আরও একটি ২৮ অক্টোবর সৃষ্টির আহ্বান জানান তিনি। তাঁর এ বক্তব্যের পর সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচির শেষ পর্যায়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার কামনা করে দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক এ দিনের ঘটনাগুলো স্মরণ এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে ধরতেই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন