
বগুড়ার ধুনট উপজেলা পরিষদে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন ভবনে প্রবেশ করেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। পরে তিনি ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। বক্তব্যে তিনি বলেন, ‘আমি ধুনটকে একটি আধুনিক মডেল ধুনট হিসেবে গড়ে তুলব।’ একই সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য পৃথক ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, সাবেক পৌর প্রশাসক আলিমুদ্দিন হারুন মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০২২ সালে চারতলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনটির নির্মাণকাজ শুরু হয়। সম্প্রতি ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। আধুনিক নকশায় নির্মিত ভবনটিতে রয়েছে ৩০টি কক্ষ। এসব কক্ষে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সাতটি দপ্তরের কার্যক্রম পরিচালিত হবে।
একই ভবনে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রশাসনিক সমন্বয় আরও সহজ হবে এবং সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।
নতুন ভবনে সংসদ সদস্যের জন্যও পৃথক অফিস কক্ষ রাখা হয়েছে। এর ফলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংসদ সদস্যের যোগাযোগ ও সমন্বয়ের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের অদূরে নির্মাণাধীন রয়েছে ২০০ আসনবিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম হল। এর নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে। সভা, সেমিনার, প্রশিক্ষণ, সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের জন্য হলটি ব্যবহার করা হবে।
নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম চালু হলে উপজেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জনসেবা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের পরিসর আরও বাড়বে বলে মনে করছে উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন