
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রান্তিক ও প্রকৃত কৃষকদের জন্য কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষকদের সঠিক তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরির মাধ্যমে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলার প্রতিটি কৃষকের বাড়িতে গিয়ে কৃষিজমির পরিমাণ, ফসলের ধরন, চাষাবাদের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত কৃষকদের নামে কৃষক কার্ড প্রণয়ন করা হবে।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, উন্নত বীজ ও সার বিতরণ, কৃষি ঋণ, প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন সরকারি সেবা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হওয়ায় কৃষি খাতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অপরিসীম। তাই প্রকৃত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফলে কোনো প্রকৃত কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সেটিই নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, কৃষিবান্ধব এ উদ্যোগের মাধ্যমে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং তৃণমূল পর্যায়ের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন