
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সানাসে প্রু পাড়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। এতে গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে ইউনিয়নের বাগমারা পূর্ব পাড়া ও বগ পাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা বলেন, ভেঙে যাওয়া সেতুটি ছিল সানাসে প্রু পাড়ার মানুষের একমাত্র যাতায়াতের পথ। এই সড়ক দিয়ে শিক্ষার্থীরা স্থানীয় প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করত। পাশাপাশি বাজারসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও এলাকাবাসী এই পথ ব্যবহার করতেন। সেতু ধসে পড়ায় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
চেয়ারম্যান আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোনাসে প্রু পাড়ার ২২টি, বাগমারা পূর্ব পাড়ার ৭টি এবং বগ পাড়ার ১টি পরিবারসহ মোট ৩০টি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
নোয়াপতং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উবাপ্রু মারমা বলেন, দ্রুত সেতুটি পুনর্নির্মাণ বা বিকল্প যোগাযোগের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও আরও দুর্বিষহ হয়ে উঠবে।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সেতু পুনর্নির্মাণ এবং বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন