
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা করে ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে আব্দুল আলিম (৪০)।
পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে খাবার শেষে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। রাতের কোনো এক সময় পাঁচ থেকে ছয়জনের একটি দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে প্রবেশ করে। চুরির বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে ফেলে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে তারা পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় লোকজন মিলের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতি ও হত্যা অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পুলিশ প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রের সহায়তায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের পরিচয়ও জানিয়েছে।”
তিনি আরও বলেন, “পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন