
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর কর্মসূচির আওতায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ সহায়তা চলমান থাকবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে জিআর চাল ও নগদ অর্থ তুলে দেন।
মন্তব্য করুন