
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এক উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০৮ জন নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ নারীদের কেবল দক্ষতা বৃদ্ধি করবে না, বরং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং পারিবারিক জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে যদি এ সেলাই মেশিন যথাযথ কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী গড়ে তোলে । তবেই এটি তাদের দীর্ঘমেয়াদী আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এছাড়া উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন