
শনিবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায়, জমি নিয়ে বিবাদ, চাচার আঘাতে ভাতিজা আব্দুল জলিল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহত জলিলের অপর দুই ভাই হামিদ ইসলাম ও হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল জলিলের চাচা আব্দুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার দুপুরে আব্দুর রাজ্জাক, জলিলকে তাদের একটি খড়ের গাদা সরিয়ে নিতে বলেন। জলিল খড়ের গাদাটি সরাতে না চাইলে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তার সহযোগী সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জলিলের ওপর হামলা চালান ও আঘাত করেন । আঘাতে গুরুতর আহত হন জলিলসহ তার দুই ভাই।
স্থানীয়রা জলিল ও তার দুই ভাইকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। নিহত জলিলের ছোট ভাই হারুন বলেন, দীর্ঘদিন ধরে চাচার সঙ্গে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। শনিবার সকালে জমি থেকে খড়ের গাদা সরাতে বলেন চাচা। আমরা কয়েক দিন পর সরাব বলে জানাই। এরপরই চাচা ক্ষিপ্ত হয়ে আমাদের তিন ভাইয়ের ওপর হামলা চালায়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয় নি।
মন্তব্য করুন