
কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ৫১ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগযোত মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার একটি টিম ভাগযোত মাছ বাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন সৈকত মোল্লাকে তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “দৌলতপুর সীমান্তবর্তী হওয়ায় অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এটি কোনো অপরাধ বা পাচারচক্রের সঙ্গে সম্পৃক্ত কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আরও জানায়, সীমান্ত এলাকায় অপরাধ দমনে দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন