
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার (১৩ মে) দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হওয়া এ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসঙ্গে জাতীয় বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ এবং স্বাস্থ্যখাতে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে শিশুস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
কর্মসূচিতে প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সালমান সিদ্দিক, সভাপতি, কেন্দ্রীয় কমিটি; রফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং মোজাম্মেল হক, আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মন্তব্য করুন