
বগুড়ায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, বার্মিজ চাকুসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন মামলার ১০জন আসামি গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। রোববার রাতে গাবতলী উপজেলার কালাইহাটা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এরআগে, ডাকাতি, সন্ত্রাসীমূলক কর্মকান্ড ও পুলিশের ওপর মামলার আসামিসহ ৯জনকে গ্রেপ্তার করে এসআরবি। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি মহল্লার মাদক কারবারি শামীম হাসান (৬০) ও তাজউদ্দীন শেখ উজ্জল (৪৮)। তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। চকসুত্রাপুর মহল্লার হেনা বেগম (৪৪) ও জান্নাতি খাতুন (২৬) আলোচিত মাদক কারবারি। তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৬৫০ টাকাসহ উদ্ধার হয় ৪৩ গ্রাম হেরোইন। শাজাহানপুর উপজেলার খোরশেদ আলম হত্যা মামলার আসামি বেল্লাল হোসেন (৫০) মাদলা পূর্বপাড়ার বাসিন্দা।
এসআরবি জানায়, বগুড়া সদরে সন্ত্রাসী কর্মকান্ড ও ত্রাসের রাজত্ব গুঁড়িয়ে দিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার রিয়াজুল ইসলাম শুভ (২৭) মাটিডালী উত্তরপাড়ার বাসিন্দা এবং নাহিয়ান ইসলাম সিয়াম (২৬) পিটিআই মোড় এলাকার বাসিন্দা। তাদের কাছে দুটি বার্মিজ চাকু পাওয়া গেছে। পুলিশের ওপর হামলা মামলার আসামি গ্রেপ্তার করে এসআরবি। আরিফ হোসেন (৩২) ও করুল মিয়া (২৪) শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয় রাখাল হোসেন আকালু (৩৫)। তিনি উত্তর চেলোপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে।
মন্তব্য করুন