
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি হলো।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেন, আজকের দিনটি অন্য দিনের মতো নয়। এই সকাল একটি ভবিষ্যতের বীজ বপন করছে, যা একদিন মহীরুহে পরিণত হয়ে এ অঞ্চলকে আলোকিত করবে। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তাঁর উদ্যোগেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে নোবিপ্রবি নিজের অবস্থান তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ অঞ্চলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে।
সংসদ সদস্য বলেন, এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সবার। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। এ মহতী উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর উদ্যোগ ও দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল।
তিনি বলেন, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের প্রয়োজন হয়। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সেই সুযোগ পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনের সঙ্গে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা গভীরভাবে জড়িয়ে রয়েছে। এ মাটির মানুষের সহযোগিতায় একটি জ্ঞানভিত্তিক ও শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব। নোবিপবি পরিচালিত এ প্রতিষ্ঠান একদিন শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখানে স্থানীয় মানুষের সন্তানরাই পড়াশোনা করবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। এ সময় প্রতিষ্ঠানটিকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, প্রকল্প পরিচালক ও নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা এবং নোয়াখালী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন