
কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১১টা থেকে ২৮ অক্টোবর ভোর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার মো. তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে ভারতীয় মোবাইল ফোনসহ চোরাই পণ্য কেনাবেচার অভিযোগ রয়েছে রতনের বিরুদ্ধে। এর আগে তাঁকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুংগামারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, বঙ্গসোনাহাট এলাকার ওই দোকানকে কেন্দ্র করে রতন ও তাঁর কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় মোবাইল ফোনের ব্যবসা চালিয়ে আসছিল। এসব মোবাইল দেশের বিভিন্ন শপিংমল ও স্থানীয় দোকানে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি অভিযোগ করেন, এলাকায় চোরাচালান ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের কারণে তরুণদের একটি অংশ অপরাধপ্রবণতার দিকে ঝুঁকছিল। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য করুন