
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ২টার দিকে ফুলবাড়ী থানার কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশ নিয়মিত নজরদারি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গঙ্গারহাট থেকে ফুলবাড়ীর দিকে মাদকের একটি চালান আসছে।
পরে ডিবি পুলিশের একটি বিশেষ দল কুটি চন্দ্রখানা গ্রামের আনছার আলীর বাঁশঝাড়ের সামনে গঙ্গারহাট-ফুলবাড়ী পাকা সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন হাফিজুর রহমানকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন