
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফ তাদের এই অবৈধ চেষ্টা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।
রবিবার সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের উদয় কিষান ক্যাম্পের সদস্যরা চারজন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশ-ইন করার চেষ্টা চালায়। এ সময় সীমান্তে টহলরত বিজিবির সতর্ক সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধমূলক অবস্থান নেন। বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ পিছু হটে এবং ওই চার নাগরিককে নিজেদের হেফাজতে ফেরত নিয়ে যায়।
ঘটনার পর থেকে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন