
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টিতে একটি বিশালাকার গাছ উপড়ে মাদ্রাসার টিনশেড ভবনের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে ক্লাস চলাকালীন এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভবানীগঞ্জ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে মাদ্রাসার পেছনে থাকা প্রায় ৭০-৮০ বছরের পুরোনো একটি বিশাল সেগুনগাছ উপড়ে সরাসরি টিনশেড ভবনের ওপর পড়ে। এতে ভবনের ছাদ ও কাঠামো ধসে পড়ে। এ সময় হিফজ বিভাগের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাসের আপেল মাহমুদ। তাঁর নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় যুবসমাজ উদ্ধার কার্যক্রম চালিয়ে অবরুদ্ধ শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাসের আপেল মাহমুদ বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে গ্রাম পুলিশ ও স্থানীয় যুবকদের সহায়তায় শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। মহান আল্লাহর অসীম রহমতে শিশুরা নিরাপদে রয়েছে।”
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। তিনি ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ঝড়-বৃষ্টির প্রভাবে বহু বছরের পুরোনো বিশাল গাছটি উপড়ে পড়ে মাদ্রাসার ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমতে কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত টিনশেড কক্ষ দ্রুত সংস্কার ও মেরামতের পাশাপাশি পুনর্গঠনে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় মাদ্রাসার দুটি টিনশেড কক্ষ এবং ভেতরে থাকা দুটি মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন