
বগুড়ায় ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক ছাত্রদলে নেতাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে ওই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৬)। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। গ্রেফতারের সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে এলে সেটি থামানো হয়। সেটিতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ব্যাগ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসাথে তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন