
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপসহ মো. মারুফ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে গ্রামের রইচ উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে মারুফ হোসেনকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক মারুফ হোসেন উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।
অভিযান পরিচালনাকারী এসআই মহসীন চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মামলার পর আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন