
বগুড়ার ধুনটে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির তালুকদার (স্বরণ)সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দ রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পরে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মন্তব্য করুন