
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি আয়োজনের কথা রয়েছে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
যেসব দাবিতে লংমার্চ
দলীয় সূত্রে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে লংমার্চের আয়োজন করা হচ্ছে।
প্রস্তুতি বৈঠকে এসব দাবি সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
শাপলা চত্বর থেকে শুরু করার পরিকল্পনা
বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু করার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের লক্ষ্য, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সমাবেশ শেষে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ পরিচালনা করা। এজন্য কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
উপস্থিত ছিলেন যারা
বৈঠকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকারসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভাগের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ডা. জিএম ফারুকও বৈঠকে অংশ নেন।
দেশবাসীর প্রতি অংশগ্রহণের আহ্বান
বৈঠক থেকে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের ভাষ্য, জনগণের বিভিন্ন দাবি সামনে রেখে শান্তিপূর্ণভাবে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন