
প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে অর্জুন, আম্রপালি, মেহগনি, হরতকিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।
প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের জীবন বাঁচায়, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন