
আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজ খান এবং মো: মামুনুর রশিদ।
দীর্ঘদিন ধরে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে একটি অসাধু চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভোটমারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বয়ের আগমনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে বালু খেকোরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পায় এবং স্থানীয় বাসিন্দারাও এর সত্যতা নিশ্চিত করেন। পরে উপস্থিত ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধি ও স্থানীয় জনগণের সহায়তায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামসমূহ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
একই সময়ে অভিযান পরিচালনার সময় নদী এলাকায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল ব্যবহার করে মাছ ধরার বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসে। নদী থেকে অবৈধ জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অবৈধ বালু উত্তোলনকারী ও নিষিদ্ধ জালের ব্যবহারকারী দেখলে তা প্রশাসনকে জানানোর অনুরোধ জানান।
মন্তব্য করুন