
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিতব্য তিন দিনব্যাপী লালনমেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি সংলগ্ন মেলার মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালনমেলা। এ আয়োজনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, বাউল, ভক্ত ও দর্শনার্থীদের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও লালনভক্তদের আগমন ঘটতে পারে।
মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের এসব সরঞ্জাম জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, লালনধামের ঐতিহ্য ও পরিবেশের সুরক্ষা এবং সাধু-ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা চলাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন