
লালমনিরহাটের কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মো. ফারুক হোসেন (৩৫)। তিনি কালীগঞ্জ থানার শ্রীখাতা ডারারপাড় এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) রাত ২টা ২০ মিনিটে র্যাব-১৩-এর সিপিএসসি, রংপুর এবং র্যাব-১২-এর সদর কোম্পানির একটি যৌথ দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঢাকা-বগুড়া মহাসড়কের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, ফারুক হোসেন লালমনিরহাট জেলার সেশন নং-৯৩/২৩ ও জিআর-৩২৭/২২ (কালীগঞ্জ) মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন