
মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানকালে আ. জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে তল্লাশি চালানো হয়। ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকা পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের বসতঘর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানায়, এ ঘটনায় সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন