
বগুড়ার ধুনট উপজেলা মডেল মসজিদের খতিব ও একটি কওমি মাদ্রাসার শিক্ষক আব্দুল বাছেত-এর বিরুদ্ধে একাধিক ছাত্রকে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) ভুক্তভোগী এক ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হতো। বিষয়টি প্রকাশ না করতে চাপ ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী ভুক্তভোগী হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কেউ কেউ মাদ্রাসা ছেড়ে অন্যত্র ভর্তি হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আব্দুল বাছেত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ব্যক্তিগত বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, অভিযোগ ওঠার পর তাকে আবাসিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টিকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
আরিফ উল্লাহ নিজামী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন