
“নিজ আঙিনা পরিষ্কার রাখি সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুপা রানী পাল, মেডিকেল অফিসার ডা. রিপন কুমার ঘোষ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ।
ইপিআই টেকনিশিয়ান মশিউর রহমানের সঞ্চালনায় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরবাড়ি বা আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। বক্তারা আরও বলেন, সামনে বর্ষা মৌসুম হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই সকলকে অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই কেবল একটি ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন