
আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরী করার লক্ষ্যে কাজ করছে সরকার,দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রান-আরএফএল গ্রুপ এর আয়োজনে ‘চাকরি মেলা-২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম -এ অনুষ্ঠিত এ চাকরি মেলা-২০২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এ ধরনের বৃহৎ কর্মসংস্থান মুখী আয়োজন তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
মেলা প্রাঙ্গণে সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে এক হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর রিক্রুটমেন্ট প্রধান নূরুল আলম খান ও নাফিস ইন্দালিব অর্ণব।
মন্ত্রী তাঁর বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও কথা বলেন। তিনি জানান, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন এবং রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে দেশটিকে প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহায়তার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফরে যাবেন বলেও জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকার খুব অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে।
১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
মন্তব্য করুন