
কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে দেয়ালধসে একটি মহিলা হেফজখানার (মাদ্রাসা) অন্তত ৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেয়াল ও মাটির নিচে চাপা পড়া আরও ১৪ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে টানা ভারী বর্ষণের কারণে মাদ্রাসার একটি দেয়াল ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাদ্রাসায় শিশুরা পাঠরত ছিল। হঠাৎ দেয়াল ধসে পড়লে অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা অভিযান চালিয়ে ১৪ জনকে জীবিত উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়।
হতাহত শিক্ষার্থীদের সবার বয়স আনুমানিক ৯ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কয়েকজন শিশু আটকা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধারে স্থানীয় স্বেচ্ছাসেবক, ক্যাম্প কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
নিহত ও আহতদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন