
চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে মো. আজিজুল হক নামে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. আজিজুল হক প্রায় দুই মাস আগে রাঙামাটির কাউখালী থানা থেকে বদলি হয়ে লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আনোয়ারুল হকের ছেলে ছিলেন।
থানা সূত্র জানায়, পুলিশ বিভাগে তাঁর কর্মজীবনের মেয়াদ ছিল প্রায় ৩২ বছর। ব্যক্তিগত জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী ছিলেন। প্রথম সংসারে তাঁর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে তাঁর স্বামীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে আজিজুল হক বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন