
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে -এর বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় অবস্থিত ‘কেক ব্রাইট’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন