
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ঘন ধোঁয়ার কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখে পড়ছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় থাকা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ফলে চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় ফায়ার ফাইটারদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।
এ ঘটনায় আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
মন্তব্য করুন